logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Published
  • 31 Aug, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মধ্যে যৌথ প্রশাসনিক, একাডেমিক, গবেষণা ও প্রশিক্ষণ সহযোগিতার লক্ষ্যে বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিআইএমের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে বিআইএমের প্রশিক্ষন ও প্রশাসন বিভাগের পরিচালক প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি । তিনি বলেন, আমাদের পারস্পরিক সংযোগ না থাকলে রিসোর্স ব্যবহার করার সীমাবদ্ধতা রয়ে যায়। দুইটি প্রতিষ্ঠান পরস্পরের পরিপূরক হিসেবে বিভিন্ন সহযোগিতার মধ্য দিয়ে দেশের মানব সম্পদকে সমৃদ্ধ করতে পারি। বর্তমান অর্থনীতিতে মানব সম্পদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তা না হলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো তলানিতেই থাকতো। একাডেমিক ও পেশাগত জীবনে ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, এর প্রয়োজনীয়তা সার্বজনীন।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমরা সবাই আমাদের দেশকে একটি উন্নত অবস্থানে দেখতে চাই। তবে এর জন্য প্রয়োজন আমাদের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার। আমাদের
প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত যা আমরা বাড়াতে পারব না, কিন্তু আমাদের মানব সম্পদকে দক্ষ ও উন্নত করতে পদক্ষেপ গ্রহণ করতে পারি। বর্তমান সময়ে দক্ষ মানব সম্পদের কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে, আমাদের দুই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য একই। সুতরাং, পারস্পরিক সহযোগিতার এই সুযোগটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএমের মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম। তিনি বলেন, আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার জন্য উন্নত মানব সম্পদ তৈরি করতে হবে। অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠালে রেমিট্যান্স কম আসে, তাই আমাদের দক্ষ জনশক্তি তৈরি করে তাদেরকে বিদেশে প্রেরণ করতে হবে।
দক্ষতা উন্নয়নের জন্য ভাষাগত দক্ষতা ও আধুনিক প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির ওপর জোর দিতে হবে। এর মাধ্যমে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে এই এমওইউ-এর মূল লক্ষ্য হলো একাডেমিক কার্যক্রমের সাথে ইন্ডাস্ট্রির সেতুবন্ধন তৈরি করা।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান একাডেমিক সম্পদে পারস্পরিক সহায়তা, যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা, শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, কারিকুলাম উন্নয়ন, একাডেমিক তথ্য ও শিক্ষাদানের পদ্ধতি শেয়ারসহ গবেষণা অবকাঠামোর যৌথ ব্যবহার নিশ্চিত করবে। এছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্ল্যাটফর্মে অটোমেশন ও স্মার্ট প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সক্ষমতা বৃদ্ধি করবে। সমঝোতা স্মারকটির মেয়াদ প্রাথমিকভাবে পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং বিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা আখুন্দ আহাম্মদ শামসুল আলম, ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা প্রকৌশলী মোঃ মেহ্বুব হাসান কল্লোল ও প্রকল্প, সমাজসেবা বিভাগের প্রধান এস. এম. আরিফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা লামিয়া ফারহা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইএমের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা প্রতিনিধি।