জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর নবায়নকৃত বিভিন্ন রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিভিন্ন কক্ষের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
সংস্কার কার্যক্রমের আওতায় বিভাগটির চেয়ারম্যানের রুম, মিটিং রুম, অফিস রুম, ওয়াশ রুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন সম্পন্ন করা হয়। উদ্বোধন শেষে উপাচার্য মহোদয় বিভাগটির বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সংস্কার কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
