logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত

  • Published
  • 19 May, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগে সোমবার (১৮ মে ২০২৬) বিভাগীয় শ্রেণিকক্ষে পিএইচডি ও এমফিল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভাগের দুজন পিএইচডি এবং এমফিল গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি তাঁর বক্তব্যে গবেষণার গুণগত মান নিশ্চিত করতে অধিক সময় প্রদান, একাগ্রতা ও মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক গবেষণার নতুন রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি স্বতঃস্ফূর্ততা ও আগ্রহ বৃদ্ধি করবে।
উপাচার্য আরও বলেন, গবেষণার পরিধি কেবল প্রচলিত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাগতিক ও বহুমাত্রিক বিষয়ে বিস্তৃত করতে হবে। তিনি বাঙালি সংস্কৃতিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদানের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভিন্ন সংস্কৃতি ও সমাজের মানুষের সঙ্গে মেলামেশা এবং তাদের চিন্তাধারা অনুধাবনের মাধ্যমে সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়, যা ইসলামের দৃষ্টিতেও উৎসাহিত করা হয়েছে।
তিনি কোরআন ও হাদিসভিত্তিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব গবেষণার ফলাফল সমাজে যথাযথভাবে প্রতিফলিত হলে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব হবে। পাশাপাশি সমাজে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক ও কটাক্ষপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা এবং গঠনমূলক সমালোচনার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক উন্নয়ন সম্ভব।
সেমিনারে পিএইচডি গবেষক মাসউদুর রহমান ‘বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে নৈতিক স্থলনজনিত অপরাধ: প্রতিকারে ইসলামি নির্দেশনা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণাপত্রের ওপর আলোচনা করেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ।
এমফিল গবেষক মো. আতাউল্লাহ ‘ক্ষুদ্র গারো নৃ-গোষ্ঠীর জীবনমান ও ধর্মীয় মূল্যবোধ: পরিপ্রেক্ষিত ময়মনসিংহ জেলা’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন। এ প্রবন্ধের ওপর আলোচনা করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়শা জাহান।
আলোচকবৃন্দ গবেষণাপত্র দুটিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সমালোচনা, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এমফিল গবেষকের তত্ত্বাবধায়ক এবং অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন পিএইচডি গবেষকের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ-এর সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু।
সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের গবেষণা উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।