জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ফ্যাকাল্টিদের জন্য চারদিনব্যাপী “ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং” কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৬) শহিদ সাজিদ একাডেমিক ভবনের মিনি কনফারেন্স রুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৮ থেকে ১০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে “Responsibilities and Professional Conduct of University Teachers” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।
আলোচনায় উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, জবাবদিহিতা, শিক্ষাগত দায়বদ্ধতা এবং সামাজিক ও পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। তিনি বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক শুধু জ্ঞানের উৎস নন, বরং সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতীক। শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মূল একাডেমিক দায়িত্বের মধ্যে রয়েছে কার্যকর শিক্ষাদান, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, কোর্স পরিকল্পনা ও প্রস্তুতি এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কমিটিতে সক্রিয় সম্পৃক্ততা। একজন ভালো শিক্ষক শুধু দক্ষ শিক্ষার্থীই তৈরি করেন না, বরং মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষারও বিকাশ ঘটান।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আইকিউএসি আয়োজিত মানসম্মত ট্রেনিং সেশনগুলো নতুন শিক্ষকদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে সহায়তা করবে। তিনি বলেন, নতুন ফ্যাকাল্টিদের এমন দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা শিক্ষার্থীদের কাছে পাঠ সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করতে পারেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেমন নিজস্ব মিশন ও ভিশন রয়েছে, তেমনি শিক্ষকদেরও ব্যক্তিগত দর্শন ও লক্ষ্য থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে এবং তাদেরকে দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। সময়ানুবর্তিতা, আদর্শগত চর্চা ও পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।
প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম চারটি সেশনে বিভক্ত ছিল। দ্বিতীয় সেশনে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া “History, Vision, Mission and Core Values of Jagannath University” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন।
তৃতীয় সেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন “Jagannath University Act, Service Rules and Leave Rules” বিষয়ে আলোচনা করেন। এছাড়া শেষ সেশনে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম “Financial Rules and Administrative Procedures of Jagannath University” শীর্ষক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মসূচির শেষে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
