logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে ক্রাশ প্রোগ্রাম ও পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় সভা

  • Published
  • 30 Jun, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কার্যক্রমকে নির্ধারিত সময়সূচির মধ্যে ফিরিয়ে আনা, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন এবং পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি বিভাগকে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে। বর্তমানে প্রতিটি বিভাগের একাডেমিক কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ অনুষদের ডিনকে অবহিত করবেন। পরবর্তীতে ডিনরা সার্বিক অগ্রগতি মূল্যায়ন করে এ বিষয়ে একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করে প্রতি মাসের সমন্বয় সভায় উপস্থাপন করবেন। প্রতি মাসে উপাচার্যের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে গৃহীত ক্রাশ প্রোগ্রাম কতদূর অগ্রসর হয়েছে এবং কোথায় কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, তা নিয়মিত পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ উদ্যোগের ফলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে একাডেমিক ও পরীক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের পরিচালকরা একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন ও পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। তারা বিদ্যমান বিভিন্ন জটিলতা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরীক্ষা সংক্রান্ত বিধি-বিধান ও নিয়মাবলি সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মিডটার্ম পরীক্ষা গ্রহণ, পরীক্ষার ফলাফল জমা প্রদান, ফরম পূরণ, প্রবেশপত্র বিতরণসহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুসরণ করে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত সকল বিষয়ে যথাযথ সমন্বয় ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন সিদ্ধান্ত দেন যে, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিদ্যমান সকল রুলস অ্যান্ড রেগুলেশন শতভাগ অনুসরণ করতে হবে। কোনো বিভাগ বা শিক্ষক কোনো কারণে নির্ধারিত নিয়ম অনুসরণে ব্যর্থ হলে তার কারণ বিভাগীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রশাসনকে অবহিত করতে হবে।
তিনি বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকদের নিজ নিজ বিভাগের শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং দায়িত্ব পালনে তদারকি করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শিক্ষকদের নির্ধারিত সময়ে সকল পরীক্ষা গ্রহণ এবং ফলাফল দ্রুত পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক পরিবেশ সুসংহত রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সমন্বয় সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।