logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সেবা

  • Published
  • 28 Jul, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের আওতাধীন যানবাহনে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য Vehicle Tracking Service (GPS) সেবা চালু এবং যানবাহনের সর্বোচ্চ নিরাপত্তা, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও আধুনিক ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান Obhai Solutions Ltd-এর মধ্যে পরিষেবা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, এ ধরনের পরিষেবামূলক চুক্তির যথাযথ বাস্তবায়ন সম্ভব হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনের ভিত্তিতেই এ চুক্তি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যদি সময় ও আর্থিক সাশ্রয় নিশ্চিত করা যায়, তাহলেই এ উদ্যোগ সফল হবে। তিনি বলেন, গত ২১ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথচলার সঙ্গে বর্তমান সময়ের কার্যক্রমে অনেক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজ সুচারুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যাতে পরিলক্ষিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপাচার্য আরও জানান, জিপিএস ট্র্যাকিং সেবা ব্যবহারের জন্য একটি ইউজার গাইড প্রস্তুত করা হবে এবং শিক্ষার্থীদের অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক ও অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, সিস্টেমটি নিয়মিত মনিটরিংয়ের জন্য একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে, যার মাধ্যমে সেবা ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেবা প্রদান সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ সেবার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। সীমিত সম্পদের যথাযথ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, এ সেবা চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা অনেকাংশে লাঘব হবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি উপাচার্যকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে Obhai Solutions Ltd-এর কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে Vehicle Tracking Service (GPS) সিস্টেমের কার্যক্রম ও অ্যাপ ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তারা জানান, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এ অ্যাপ ব্যবহার করা যাবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিটি রুট অনুযায়ী শিক্ষার্থীদের পৃথক আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে লগইন করে তাদের নির্ধারিত বাসের বর্তমান অবস্থান ও যাত্রাপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।
এ সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং যানবাহনের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি আধুনিক ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় কমিটির অন্যান্য সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও জিপিএস ট্র্যাকিং সেবা চালুর বিষয়ে তাঁদের পর্যবেক্ষণ ও মতামত প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, কর্মকর্তা সমিতির সভাপতি এবং জকসু পরিবহন বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন এবং Obhai Solutions Ltd-এর পক্ষে প্রতিষ্ঠানটির জিএম মোঃ মহিউদ্দিন আহমদ স্বাক্ষর করেন।