logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  • Published
  • 13 Sep, 2026
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হওয়া আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তাঁর উম্মত হিসেবে আমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে না। মহানবী (সা.)-কে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেই হবে না; তাঁকে অন্তর দিয়ে ধারণ করতে হবে। তাঁর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়, সাম্য, সহমর্মিতা ও মহান চরিত্র থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের জীবনে অনুসরণ করতে হবে। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। তাই মহানবীর (সা.) জীবন ও কর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি তাঁর আদর্শকে বাস্তব জীবনে প্রতিফলিত করার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।
আলোচনা পর্বে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তফা হাসান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি)।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবিকতা, সহনশীলতা, ন্যায়বোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ এবং মিলাদ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি, বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।