জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের (যাক-তহবিল, জবিপ) ৯ম বৃত্তি বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন-২-এর নিচতলায় সমাজকর্ম বিভাগের ১০১ নম্বর শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন ধর্মাবলম্বী ৫৬ জন নির্বাচিত শিক্ষার্থীর মাঝে বৃত্তির বরাদ্দপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, এই আয়োজনের গুরুত্ব অনেক। এখানে শুধু বৃত্তি প্রদান করতে আসিনি, মনের গভীর অনুভূতি নিয়ে এসেছি। যাদের বৃত্তি প্রদান করা হচ্ছে, তাদের জন্য এই সহায়তা যৎসামান্য হলেও এর তাৎপর্য অনেক বেশি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যেকেই জীবনসংগ্রামী। তাদের আমি অভিবাদন জানাই। সৃষ্টিকর্তা যেন তাদের প্রতিষ্ঠিত করেন এবং তারা যেন সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন। তিনি আরও বলেন, জীবনের সংগ্রামের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে যাঁরা সফলতা অর্জন করেন, তাঁরাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হন। শিক্ষার্থীদের প্রতিকূলতা মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি তাঁদের সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে যাক-তহবিলের আওতায় দুইটি ক্যাটাগরিতে মোট ৫৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১৪ জন শিক্ষার্থীকে দুই কিস্তিতে তিন হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা এবং ‘বি’ ক্যাটাগরিতে ৪২ জন শিক্ষার্থীকে দুই কিস্তিতে মোট ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। ‘এ’ ক্যাটাগরির প্রত্যেক শিক্ষার্থী প্রতি কিস্তিতে ৩ হাজার টাকা এবং ‘বি’ ক্যাটাগরির প্রত্যেক শিক্ষার্থী প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পাবেন। বৃত্তির বরাদ্দপত্র বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের এই আর্থিক সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা এই সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পথচলায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
যাক-তহবিল, জবিপের সভাপতি ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব।
যাক-তহবিল, জবিপের সদস্য সচিব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আউয়াল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। এ ছাড়া কমিটির সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ-উল-আলম ও উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান। সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। তহবিলটিকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যতে অধিকসংখ্যক শিক্ষার্থীকে সহায়তার আওতায় আনার সুযোগ তৈরি হবে।




