logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে সাত উপ-কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Published
  • 14 Oct, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত সাতটি উপ-কমিটির আহ্বায়কদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে গঠিত প্রতিটি উপ-কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের কর্মপরিকল্পনা ও সুনির্দিষ্ট বাজেটসহ প্রস্তাবনা প্রস্তুত করে জমা দিতে হবে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে প্রস্তাবনাগুলো জমা দেওয়ার পর সেগুলোর ওপর কেন্দ্রীয় কমিটিতে সার্বিক আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় দিবসটির অনুষ্ঠানসূচি প্রণয়ন, উদ্‌যাপনের থিম নির্ধারণ, স্পন্সর সংগ্রহ, সাংস্কৃতিক আয়োজন, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন উপস্থিত ছিলেন। এ ছাড়া থিম নির্ধারণ উপ-কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপ-কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপ-কমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র্যা লি উপ-কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদ্‌যাপনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। দিবসটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।