জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যে প্রক্টর, পরিচালক ও প্রশাসক হিসেবে পাঁচজন শিক্ষক নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক, ছাত্র-কল্যাণের পরিচালক এবং ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন—প্রক্টর হিসেবে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহ্মাদ, বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, ছাত্র-কল্যাণের পরিচালক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল এবং ডরমিটরি ভবনের প্রশাসক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ হাসান শাহ।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপাচার্য তাঁদের নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তাঁদের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাবেক দপ্তর প্রধানরা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের পূর্বে নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ দপ্তরে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।




