জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি কর্তৃক আয়োজিত এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৭-এর প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ঢাকাসহ সারা দেশের মোট ১৪টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা, রসায়ন সমিতির পতাকা ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে ঢাকা অঞ্চলের প্রাথমিক পর্বের উদ্বোধন করেন অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র্যাংকিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে সহায়ক। তিনি অলিম্পিয়াডের সার্বিক সফলতা কামনা করেন।
ঢাকা অঞ্চলে উচ্চমাধ্যমিক কলেজসমূহের বাংলা ও ইংরেজি ভার্সনের এইচএসসি এবং ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের এ-লেভেল পর্যায়ের নিবন্ধিত মোট ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন প্রাথমিক পর্বে অংশগ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উত্তরপত্র মূল্যায়ন শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অলিম্পিয়াডের সনদ প্রদান করা হয়। এছাড়া প্রথম ১০ জন বিজয়ীর মধ্যে সনদ ও মেডেল বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
প্রাথমিক পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে রসায়ন বিষয়ক জ্ঞান দেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। জ্ঞান ও উদ্ভাবনী শক্তির বিকাশে রসায়নের প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে কেমিস্ট্রি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং বাংলাদেশ রসায়ন সমিতির সাবেক সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করীম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে বক্তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন শিক্ষার গুরুত্ব এবং এ বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা এবং তাঁদের মধ্যে মুক্তবুদ্ধি ও সৃজনশীল চিন্তার চর্চা বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে আগ্রহী করে তোলার পাশাপাশি ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান এবং ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সারা দেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্র থেকে এ বছর চার সহস্রাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।
আগামী ২৮ নভেম্বর ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডের আদলে এ পর্বের পরীক্ষা আয়োজন করা হবে। চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্য থেকে চারজন শিক্ষার্থীকে আগামী ১৯ থেকে ২৮ জুলাই ২০২৭ তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে।




