logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ

  • Published
  • 23 Nov, 2026
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) মানববন্ধন, র‍্যালি ও সমাবেশসহ নৈরাজ্যবিরোধী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘নৈরাজ্যকে না’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে  রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্রকল্যাণের পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নঈম আকতার সিদ্দিক, কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় লালবাগ ডিভিশনের ট্রাফিক বিভাগের প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দও সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামীকালের নৈরাজ্যবিরোধী কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপস্থিত প্রতিনিধিরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ, র‍্যালির শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং সমাবেশ আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সবার মতামতের ভিত্তিতে দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, আমরা চাই সামগ্রিকভাবে দেশব্যাপী এ নৈরাজ্য প্রতিরোধ করতে। সবাই শান্তিপূর্ণভাবে দেশের জন্য কাজ করবেন। নিরাপদ ক্যাম্পাস আমাদের সবার দাবি। এ লক্ষ্যে কর্মসূচি সফল করার জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। এই ছোট্ট দেশে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই; কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। আজকের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যেতে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, উপাচার্য মহোদয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণ প্রশংসনীয়। এই দেশকে নতুন করে সুশৃঙ্খলভাবে পরিচালিত করে গড়ে তুলতে হবে। শিক্ষা ও গবেষণা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। দেশব্যাপী বিভিন্ন নৈরাজ্য রুখে দেওয়ার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি সফল করতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ‘নৈরাজ্যকে না’ বলতে চায়—এমন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।
সভায় উপস্থিত সবাই এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। উপাচার্য মহোদয়ের উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত প্রতিনিধিরা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুচিন্তিত পরামর্শ প্রদান করেন।
আগামীকালের কর্মসূচি: সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নৈরাজ্যবিরোধী র‌্যালি বের হবে। র‍্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হবে। পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে ভাষা শহিদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।