logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত

  • Published
  • 24 Nov, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদের আয়োজনে ২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণী ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে চারুকলা অনুষদভুক্ত ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ, প্রিন্টমেকিং বিভাগ এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থী নন, তাঁরা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাঁদের মধ্যে থাকা শিল্পীসত্তার বিকাশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পকর্ম মানুষের ভাবনা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জনকে সহজে প্রকাশ করতে পারে। তাই শিল্পী ও শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব। উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষ চারুকলা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার কথা স্বতন্ত্রভাবে বিবেচনা করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যকে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রশাসন কাজ করছে।
চারুকলা অনুষদের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে প্রশাসনের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানেও চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও অনুষদটির সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চারুকলার বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জাতির গুরুত্বপূর্ণ অর্জন ও ঐতিহাসিক ঘটনাবলিকে শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পীরা তাঁদের সৃষ্টির মাধ্যমে জাতীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলবেন এবং জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্‌মাদ।
অনুষ্ঠানে ২১তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগ থেকে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ থেকে দেবব্রত ভৌমিক প্রথম স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।