জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ব্যবহৃত তিনটি ক্যান্টিন এবং শহিদ সাজিদ ভবনের বেজমেন্ট এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রতিনিধি দল।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ ও ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল-এর নেতৃত্বে বিভিন্ন ক্যান্টিন এবং শহিদ সাজিদ ভবনের বেজমেন্ট এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরীসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকর্তা এবং ঢাকা ওয়াসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন ক্যান্টিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং শহিদ সাজিদ ভবনের বেজমেন্ট এলাকার সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিরা বিভিন্ন স্থানের পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




