logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

উৎসবমুখর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস

  • Published
  • 03 Nov, 2026
‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ও ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস আমাদের প্রাণের উৎসব। এই উৎসবকে সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানগুলো সুশৃঙ্খল ও সার্থকভাবে সম্পন্ন করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে দিবসটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য মহোদয় আগামীকাল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসমূহ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসূচি অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, মঞ্চসজ্জা, দোয়া মাহফিল, প্রচার ও মিডিয়া ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়কেরা নিজ নিজ কমিটির চূড়ান্ত প্রস্তুতি ও কার্যক্রমের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। উপস্থিত সদস্যদের সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে অনুষ্ঠানসমূহের সুষ্ঠু সমন্বয়, যথাযথ বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সাতটি উপ-কমিটির আহ্বায়কেরা বিশ্ববিদ্যালয় দিবসের চূড়ান্ত প্রস্তুতির সার্বিক অবস্থা প্রতিবেদন আকারে উপস্থাপন করেন।
আগামীকাল বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি।
এবারই প্রথম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথির মর্যাদায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাজিদের মা-কেও বিশেষ অতিথির মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, জকসু ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া থিম নির্ধারণ উপ-কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, স্পন্সর উপ-কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, মঞ্চসজ্জা ও দোয়া মাহফিল উপ-কমিটির আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম, নিরাপত্তা ও র্যা লি উপ-কমিটির আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজম খান এবং সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সভায় উপস্থিত ছিলেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি এবং সহায়ক কর্মচারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে আগামীকাল ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানসমূহ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।