logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন

  • Published
  • 04 Nov, 2026
তারিখ: ৩ নভেম্বর ২০২৬ খ্রি.
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্যের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন
‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে ধারণ করে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বর্ণাঢ্য র‌্যালি, শিল্পকর্ম প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টসহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচি সুষ্ঠু, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মর্যাদাপূর্ণ ও আনন্দঘন করে তোলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। একই সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জাতীয় সংসদের মাননীয় হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটি এবং সাতটি উপ-কমিটির আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, দায়িত্বশীলতা, সমন্বিত উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নগর বাউল জেমসের কনসার্ট সফলভাবে আয়োজন ও সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিল্পী, সহযোগী প্রতিষ্ঠান এবং দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর উপস্থিতি বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতি, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনসমূহের সদস্যবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপাচার্য মহোদয়। বিশেষ করে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, পুলিশ সুপার, কোতোয়ালী, বংশাল ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
সর্বোপরি, বিশ্ববিদ্যালয় দিবসের সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
তিনি আশা প্রকাশ করেন, ‘টিম জগন্নাথ’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী দিনগুলোতেও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে এবং একটি সমৃদ্ধ, সৃজনশীল ও আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
 
উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে,
অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান
পরিচালক
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।