জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রত্যাশিত ২য় সমাবর্তন ২০২৭-এর অনলাইন নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন তাঁর কনফারেন্স কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, বহুল প্রতিক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে আয়োজনের জন্য মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মতি প্রদান করেছেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হলো, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি বলেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ও আনন্দঘন আয়োজন। এ আয়োজনকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন সমাবর্তনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু করার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি এ কার্যক্রমের সফলতা কামনা করেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, আজ থেকে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া অত্যন্ত আনন্দের বিষয়। তিনি এ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিবন্ধন উপ-কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন।
এ সময় আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যসচিব ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন নিবন্ধনের সময়সীমা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন ২০২৭-এ অংশগ্রহণে আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) থেকে আগামী ২০ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী ডিগ্রিধারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সমাবর্তন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিবন্ধন, আবেদন ফি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
সমাবর্তনসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন নিবন্ধনের জন্য ভিজিট করুন: https://convocation.jnu.ac.bd



