জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ আগামী ২ নভেম্বর (সোমবার) উদ্যাপন করা হবে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ- ঐক্যবদ্ধ জবিয়ান’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় দিবসের র্যালি, কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠান শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউটস ও রেঞ্জার ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিব, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং পার্শ্ববর্তী কোতোয়ালি, বংশাল ও সূত্রাপুর থানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বিশ্ববিদ্যালয় দিবসের র্যালি, কনসার্ট ও অন্যান্য অনুষ্ঠান সর্বোচ্চ শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত অংশীজনদের সুচিন্তিত পরামর্শের ভিত্তিতে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়।
সভায় জকসু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসমূহ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানসমূহে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টা, বিএনসিসি, রোভার স্কাউটস এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কনসার্টে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় দিবসের সার্বিক আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




