logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Published
  • 03 Nov, 2026
সোমবার (২ নভেম্বর ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ কামনায় বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে নিজেদের ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের রূহের মাগফিরাত কামনা করছি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন এবং কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান। আলোচনা পর্ব সঞ্চালনা করেন মসজিদ কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ ছালাহ্‌ উদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন মেয়েদের জন্য নির্ধারিত নামাজের স্থানে থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, জকসু নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।